চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার, ২৪ জুন থেকে কার্যকর এই সিদ্ধান্তের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে বহিরাগত ও সাধারণ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার আওতাভুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। জরুরি সেবার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও অনলাইন ডেলিভারি যান এবং সরকারি গাড়ি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে পুনর্মূল্যায়ন করা হবে। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।