Web Analytics

নারায়ণগঞ্জের বন্দরে রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মদনপুর এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রায় এক ঘণ্টা চলে। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। ৪৫ বছর বয়সি বুলবুল ওই এলাকায় রিকশার গ্যারেজ চালাতেন এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, প্রধান অভিযুক্ত সিফাতকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।