Web Analytics

ইয়েমেনের সঙ্গে চলমান সংঘাত বন্ধের বিনিময়ে হুথিরা সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, সমঝোতার পথ খুঁজতে সৌদি আরব হুথিদের সঙ্গে যোগাযোগ করেছিল। হুথিরা ইয়েমেনের শাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও চেয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

সৌদি আরবের জনকূটনীতি বিষয়ক উপমন্ত্রী ও রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এক্সে দেওয়া পোস্টে এই তথ্য ‘দ্ব্যর্থহীনভাবে’ অস্বীকার করেন। তিনি বলেন, লেখক বা তাঁদের কথিত সূত্রের ছড়ানো তথ্য সম্পূর্ণ বানোয়াট। ক্রিমলি হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকার উৎখাত, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া এবং দেশের স্বার্থবিরোধী সংঘাত ও এজেন্ডায় জড়ানোর অভিযোগ করেন।

সৌদি কর্মকর্তা বলেন, হুথিরা লোহিত সাগরের নৌপথে বাণিজ্যিক জাহাজ, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার সব উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনে একটি স্বীকৃত সরকার রয়েছে। বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে নতুন উত্তেজনার সময় এই প্রতিবেদন ও সৌদি প্রতিক্রিয়া সামনে আসে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।