নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ঘাটে ফেরি পারাপারের সময় একটি প্রাইভেটকার চালকসহ শীতলক্ষা নদীতে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয়দের সহায়তায় নৌকা ও ট্রলারের মাধ্যমে গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হলেও প্রাইভেটকারটি নদীতে ডুবে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশন, বন্দর থানা ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ নদীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধার অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।