প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রস্তুত করতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক অনুষ্ঠানটির আয়োজন ও সঞ্চালনা করেন। আলোচনায় দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতায় যাওয়ার পথ নিয়ে কথা হয়। ববি হাজ্জাজ দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। তাঁরা শ্রমবাজারের চাহিদা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগের প্রয়োজনীয়তার কথা বলেন। ববি হাজ্জাজ মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।