Web Analytics

মানবিক সহায়তা পৌঁছে দিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমিত যুদ্ধবিরতি মঙ্গলবার ভোরে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহরে কার্যকর হয়েছে। উভয় পক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, খেরসন রণাঙ্গনে গোলাবর্ষণ বন্ধ করে ‘নীরবতা বজায় রাখার ব্যবস্থা’ চালু করা হয়েছে। তবে সংঘর্ষের তীব্রতা কমেছে কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি এএফপি। একই সকালে ইউক্রেনের সামরিক বাহিনী কিয়েভের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গত সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেৎস বলেন, ইউক্রেন প্রতিশ্রুতি রক্ষা করছে এবং উভয় পক্ষ সমঝোতা মেনে চলছে। রাশিয়া জানিয়েছে, এই ব্যবস্থায় ওলেশকিতে মানবিক ত্রাণবাহী বহরের নিরাপদ প্রবেশ নিশ্চিত করা হবে। তবে পর্যবেক্ষণের দায়িত্ব বা ত্রাণ কার্যক্রমের পদ্ধতি নিয়ে কোনো পক্ষ বিস্তারিত দেয়নি।

২০২২ সালে রুশ বাহিনীর দখলে যাওয়া ওলেশকিতে খাদ্য ও ওষুধের সংকট রয়েছে বলে সাবেক বাসিন্দারা জানিয়েছেন। আগ্রাসনের আগে প্রায় ২৪ হাজার মানুষের শহরটিতে এখন প্রায় দুই হাজার মানুষ আছেন, যাদের মধ্যে সর্বোচ্চ ৫০ জন শিশু বলে ধারণা করা হয়। যুদ্ধবিরতি কত দিন চলবে, তা রাশিয়া বা ইউক্রেন জানায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।