বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস দেশে প্রথমবারের মতো মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ‘বিএপি মেন্টাল হেলথ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে। শনিবার রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ আয়োজন হয়। ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও মনোরোগবিদ্যা বিষয়ে জ্ঞান, সচেতনতা, আগ্রহ এবং পেশাগত দক্ষতা বাড়ানো ছিল এর মূল লক্ষ্য। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি সহযোগিতা করে; বিএমএসএস ও ডিএমসিডিএস সহায়তা দেয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ভবিষ্যৎ চিকিৎসকদের মানুষের কথা শোনা এবং তাদের মানসিক অবস্থার প্রতি মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, সুস্বাস্থ্যের অর্থ কেবল শারীরিক সুস্থতা নয়; মানসিক স্বাস্থ্যও এর গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের অন্যের পাশাপাশি নিজেদের মানসিক সুস্থতার প্রতিও যত্নবান হতে হবে।
দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ১৫০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি ক্যাটাগরিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের আলাদাভাবে পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৮ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা এবং ক্রেস্ট পান। পরে মনোরোগবিদ্যায় ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য, পেশাগত সম্ভাবনা, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং একটি মক ডিবেট অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।