থাইল্যান্ড ও আশপাশের স্থলভাগের ঘূর্ণাবর্ত পশ্চিমে সরে উত্তর আন্দামান সাগরে প্রবেশের পর শনিবার রাতে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এটি নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে; অনুকূল পরিবেশ থাকলে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আগামী তিন থেকে চার দিনে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের দিকে যেতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, গাণিতিক মডেলে বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে, তবে প্রাকৃতিক বিষয় হওয়ায় তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গভীর নিম্নচাপে পরিণত হলে গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে।
নাজমুল হক বলেন, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের ওড়িশা উপকূলের কাছে সৃষ্টি হয়ে ভারতেই আঘাত হানতে পারে। বাংলাদেশে সরাসরি আঘাত না লাগলেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রোব ও সোমবার বৃষ্টি কমে ভ্যাপসা গরম বাড়তে পারে; মঙ্গলবার থেকে উপকূলে এবং ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রামগতিতে সর্বোচ্চ ৩৭ এবং ঢাকায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।