ওয়ান ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি করেছে। এই উদ্যোগের লক্ষ্য কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও স্বল্প মেয়াদে চলতি মূলধন ঋণ দেওয়া। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের ডিএমডি ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কাঠামোর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে সিএমএসএমই ব্যবসার অর্থায়ন ঘাটতি পূরণ, সহজতর অর্থায়ন সুবিধা এবং তুলনামূলক কম সুদে ঋণের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ওয়ান ব্যাংক বলেছে, স্কিমটি তাদের অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণে এবং সিএমএসএমই খাতকে শক্তিশালী করতে সহায়তা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।