টুইটার (বর্তমানে এক্স) শেয়ার কেনার তথ্য সময়মতো প্রকাশ না করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মামলায় ১৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন ইলন মাস্ক। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালে টুইটারের ৫ শতাংশের বেশি শেয়ার কেনার তথ্য গোপন রেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিলেন মাস্ক। সোমবারের এক ফাইলিংয়ে জানা যায়, মাস্কের একটি ট্রাস্ট এই অর্থ পরিশোধ করবে। তবে তিনি এসইসির অভিযোগ স্বীকার করেননি। আদালত অনুমোদন দিলে এই সমঝোতার মাধ্যমে মামলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এসইসি প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দাবি করেছিল এবং জানায়, মাস্কের বিলম্বের কারণে সাধারণ বিনিয়োগকারীরা প্রায় ১৫ কোটি ডলারের বেশি লাভ থেকে বঞ্চিত হয়েছিলেন। মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো এই জরিমানাকে সামান্য বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এর মাধ্যমে টুইটার অধিগ্রহণের সময় নথি দাখিলে বিলম্ব সংক্রান্ত সব সমস্যা সমাধান হয়েছে। এসইসির এক মুখপাত্র জানান, আদালত অনুমোদন দিলে এটি সময়মতো শেয়ার মালিকানা প্রকাশ না করার দায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা হবে।
তবে একই ইস্যুতে সাধারণ বিনিয়োগকারীদের করা একটি যৌথ মামলার মুখোমুখি রয়েছেন মাস্ক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।