দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটির ধারাবাহিক অস্ত্র পরীক্ষার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য আরও উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
এএফপি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ও জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উৎক্ষেপণ সিউলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে। এর আগে দক্ষিণ কোরিয়া ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও, উত্তর কোরিয়া পরবর্তীতে সিউলকে ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। স্যাটেলাইট চিত্রের বরাতে জানা গেছে, রাশিয়ার সামরিক সহায়তায় দেশটি নৌবাহিনীর আধুনিকীকরণ দ্রুত এগিয়ে নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।