বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মাছুম, যিনি এটিএম মাছুম নামে পরিচিত, বলেছেন গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা দেশের জনগণ বরদাস্ত করবে না। শুক্রবার বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে দিনাজপুর জেলা শাখার আয়োজিত দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম মাছুম বর্তমান সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকজনকে পুনর্বাসিত করছে। তিনি বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। এ অবস্থায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে রাজপথে সোচ্চার থাকবে। সংগঠনের রুকনদের কুরআন-হাদিস অধ্যয়ন, বুদ্ধিবৃত্তিক যোগ্যতা অর্জন এবং সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর কথাও বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।