এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। ১০ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং দলীয়করণের পথ খুলে দিতে পারে।
হাসনাত আবদুল্লাহর মতে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক। স্থানীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে তিনি শিক্ষার মান ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষায় সিদ্ধান্তটি বাতিলের আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসিএ, আর শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না। ৩ আগস্ট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর কার্যক্রমবিষয়ক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।