দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার, ২৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন চান এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করে মামলাটি করেন। ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।