গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পল্লীরানী ড্রেসম্যান নামের একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
একজন শ্রমিক জানান, পানি পান করার পর তার পেটব্যথা ও বমি বমি ভাব শুরু হয় এবং পরে তিনি জ্ঞান হারান। আরেক শ্রমিক বলেন, কয়েকদিন ধরে কারখানার পানির স্বাদ নষ্ট হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার নওরিন আহমেদ জানান, শতাধিক রোগী ভর্তি হয়েছেন, এর মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম জানান, প্রায় ৩০-৩৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন এবং বৃষ্টির পানির কারণে পানি দূষিত হতে পারে। শ্রমিকদের চিকিৎসার জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।