চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবির চট্টগ্রাম বিভাগ এই আলটিমেটাম দেয়। সংগঠনটি সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে নিরাপত্তাহীনতার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে।
আইএসপিএবির লিখিত বক্তব্যে জানানো হয়, সোমবার দুপুরে একদল সন্ত্রাসী চট্টগ্রামের ‘ডিজিটাল ডটনেট’ অফিসে প্রবেশ করে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করে হামলা চালায়। চাঁদা না দেওয়ায় তারা অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়ে যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করে লাখ লাখ টাকার ক্ষতি করে। আইএসপিএবির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, এই ঘটনায় ইন্টারনেট খাতের উদ্যোক্তা ও কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।