কালিয়াকৈর থানা পুলিশ সিরাজগঞ্জ থেকে লুট হওয়া কাটারিভোগ চালের ৫৭০ বস্তা ও একটি ট্রাক উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুদাম এবং ফুলবাড়িয়ার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার ও সুমন সরকার নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা চাল ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেট কার দিয়ে ট্রাকের গতি রোধ করে অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করা হয়। পরে তাদের হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চালের মালিক মাহবুবুর রহমান সোহেল শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।
শিমলা থানার তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ট্রাক ও চাল উদ্ধার করে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।