খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। নির্বাচনি জনসভা শেষে মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষা করে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা আমির এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মিঞ্জিলা ঝুম এবং মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা।
নবযোগদানকারীরা জানান, সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।