২৬ মে ২০২৬ তারিখে ঈদ উদ্যাপন উপলক্ষে গাজীপুর ও রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হতে বাড়ি ফিরছেন। সরকারি ছুটির দ্বিতীয় দিনে অধিকাংশ তৈরি পোশাক কারখানা বন্ধ থাকায় শ্রমজীবী মানুষের ঢল নামে মহাসড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়, ফলে গাড়ি ধীরগতিতে চলছে এবং যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
অনেকে বাস, মিনিবাস ও ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছেন, কেউ কেউ কম ভাড়ায় ঝুঁকি নিয়ে ট্রাকযোগে বাড়ি ফিরছেন। টঙ্গী, গাজীপুরা, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে। পরিবহনসংশ্লিষ্টরা জানান, যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
পুলিশ জানায়, এবার ঈদে গাজীপুর থেকে ২০ লাখের বেশি শ্রমজীবী মানুষ বাড়ি ফিরবেন। সোমবার ৪৫ ভাগ কারখানা ছুটি হয়েছে, মঙ্গলবার দুপুরের পর আরও ৪৫ ভাগ ছুটি হবে। এতে দুপুরের পর যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।