জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের স্বাধীনতা ও নিজ নিজ আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান নাহিদ। তাঁর ভাষ্য, সম্প্রীতি নিশ্চিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না এবং তা কার্যকরও হবে না। কারণ গণতন্ত্র সব সম্প্রদায়ের জন্য; তাই সবার স্বাধীনতা ও ধর্মীয়-সাংস্কৃতিক আচার পালনের অধিকার সুরক্ষিত থাকতে হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন-নিপীড়নের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ অভিযোগ করেন, রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকে তাঁর পক্ষ থেকে বিচারব্যবস্থা শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার দাবি জানানো হচ্ছে। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।