মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে বুধবার মধ্যরাত থেকে বরিশালসহ সারা দেশে ২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বরিশালের সব নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের নদী বা সাগরে মাছ আহরণের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে বরিশাল বিভাগীয় প্রশাসন।
বুধবার সকালে বরিশাল সার্কিট হাউসে আয়োজিত বিভাগীয় জনসচেতনতা সভায় জেলেদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে বরিশাল অঞ্চলে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বাড়বে। তিনি জানান, নিষেধাজ্ঞাকালে বিভাগের সব জেলা ও উপজেলার নদ-নদী এবং সাগরে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জেলেদের কাছে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে স্থানীয় জেলেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, ভরা মৌসুমেও প্রত্যাশিত ইলিশ পাওয়া যায়নি এবং নিষেধাজ্ঞাকালের প্রণোদনা পর্যাপ্ত নয়। এক জেলে জানান, পাঁচ লাখ টাকার রসদ নিয়ে সাগরে গিয়ে তিনি দুই থেকে আড়াই লাখ টাকার মাছ বিক্রি করতে পেরেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।