Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ তৈরির বড় ক্ষেত্র সৃষ্টি করেছে।

মানবাধিকারের জায়গা থেকে রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। দীর্ঘদিন অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেও তিনি ধন্যবাদ দেন। তাঁর ভাষ্য, এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে এবং রোহিঙ্গা ইস্যুকে বিশ্বপরিসরে প্রাসঙ্গিক রাখার সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টাকে জোরদার করবে।

রাখাইনে নতুন করে নির্যাতনের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সীমান্ত ও মাঠে নিয়োজিত বিভিন্ন সংস্থা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা করছে। রায়ের বিস্তারিত পর্যালোচনা এবং বাংলাদেশের করণীয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবে বলে তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।