দেশজুড়ে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যেই উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে এবং মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।