ইরান মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এই হামলাকে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে হামলা চালায়।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের নৌবাহিনী ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। তারা অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করেছে এবং ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালির নৌযান তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।
আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে নিয়ম লঙ্ঘন বা আগ্রাসনের যেকোনো প্রচেষ্টা আরও কঠোর ও বিধ্বংসী জবাবের মুখে পড়বে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।