ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির হোম ফ্রন্ট কমান্ড ও বিভিন্ন উদ্ধার সংস্থাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি ইসরাইলি গণমাধ্যম জানায়, নিরাপত্তা সংস্থাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান ইস্যুতে ১৯ ফেব্রুয়ারির নির্ধারিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে ২২ ফেব্রুয়ারি করা হয়েছে।
দৈনিক ইয়েডিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মূল্যায়ন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারেন, কারণ তেহরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ইসরাইলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, দেশটি এখন আগের যেকোনো সময়ের চেয়ে হামলার কাছাকাছি।
ইসরাইল হায়োম ও সিএনএন আরবির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত অভিযানের সম্ভাবনা বাড়ায় ইসরাইল সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন ইতোমধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনসহ যুদ্ধজাহাজ ইরানের কাছাকাছি পাঠিয়েছে এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের পদক্ষেপ নিয়েছে। জেনেভা বৈঠককে উভয় পক্ষই আংশিকভাবে গঠনমূলক বলে উল্লেখ করেছে, যদিও সংকটের সমাধান আসেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।