মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ নিষেধাজ্ঞার সময়ে ইলিশ না ধরতে জেলেদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের দায়িত্ববোধ থেকেই এ সময়ে নদীতে না নামা উচিত এবং সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখলে ভবিষ্যতে বেশি ইলিশ ধরা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী মাঠে মৎস্য অধিদপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকার সঙ্গে দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ খাতের মানুষের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা খাদ্যসংকটে না পড়েন, সে জন্য মৎস্য অভিযানকে কেন্দ্র করে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ খাদ্যসহায়তা দেয় বলেও তিনি জানান।
সরকারি সহায়তার ওপর শুধু নির্ভর না করে বিকল্প আয়ের উৎস গড়ে তোলার ওপর জোর দেন মন্ত্রী। তিনি খাঁচায় ভাসমান মাছ চাষের মতো আধুনিক পদ্ধতি সম্প্রসারণের কথা বলেন। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনাসহ নির্ধারিত নদ-নদীতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।