সংযুক্ত আরব আমিরাত চলতি মাসেই তাদের প্রথম যাত্রীবাহী ট্রেন সেবা চালু করতে যাচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে। আবুধাবির নতুন রেলস্টেশন উদ্বোধনের পর যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ এ ঘোষণা দেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। স্ট্যান্ডার্ড শ্রেণির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ দিরহাম এবং প্রিমিয়াম শ্রেণির ভাড়া ১২০ দিরহাম। পরবর্তীতে এই রেলসেবা সাতটি আমিরাতের মধ্যে চারটিকে সংযুক্ত করবে।
দুবাইয়ের রেলস্টেশন আগামী ৩০ সেপ্টেম্বর চালু হবে এবং শারজাহর প্রধান স্টেশন ২০২৭ সালের ৩০ মার্চ থেকে কার্যক্রম শুরু করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য আমিরাতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চালানো হবে। নতুন রেলবহরে ১৩টি ট্রেন থাকবে, প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৪০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার থেকেই টিকিট বুকিং শুরু হয়েছে।
শেখ খালেদ বলেন, এই প্রকল্প ইউএইর দীর্ঘমেয়াদি সমন্বিত পরিবহন নেটওয়ার্ক গঠনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা যোগাযোগ, বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে সহায়ক হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।