Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চবিসাস। মঙ্গলবার সংগঠনটির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে চবিসাস জানায়, ছাত্রদলের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। অস্ত্র বহনের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিসহ একাধিক সাংবাদিক আহত হন। আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় বলে জানা গেছে।

চবিসাস বলেছে, সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা, হুমকি এবং সংবাদ সংগ্রহে বাধা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার বক্তব্য নিয়েও সংগঠনটি উদ্বেগ জানিয়েছে। হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চবিসাস।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।