তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও অবদান দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তিনি প্রবাসীদের দেশের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান। রোববার মন্ত্রণালয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতে তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার এবং সেখানে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা রাখছেন। কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারী ক্ষমতায়নের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, নারীরা ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। তিনি নারীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও ব্যক্ত করেন।
দু’পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।