Web Analytics

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের প্রত্যাবর্তন দেখা যায়নি। তবে সব প্রত্যাবর্তন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

ইউএনএইচসিআর বিস্তারিত হিসাব দেয়নি, তবে ফিরে যাওয়া শরণার্থীদের বড় অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে আফগানিস্তানে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জুনে বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ পর্যায়ক্রমিক প্রত্যাবাসন কর্মসূচি শুরু করার পর ২৪ লাখের বেশি আফগান নাগরিক দেশে ফিরেছেন।

ইউএনএইচসিআরের হিসাবে, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান এবং পরবর্তী কয়েক দশকের সংঘাত ও অস্থিতিশীলতার সময়ে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। সর্বশেষ জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখনো ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছেন; পাশাপাশি ১০ লাখের বেশি অনিবন্ধিত আফগান নাগরিক থাকার ধারণা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।