জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগের মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করবে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। ট্রাইব্যুনাল-২ গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ প্যানেল দুটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশও দেয়। ৩ নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৬ ও ৭ নম্বর অভিযোগে ১০ বছর করে দণ্ড এবং মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। পৃথক দণ্ড হলেও তাকে ১০ বছর সাজা ভোগ করতে হবে। ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২৫ মার্চ ২০২৫ সালে তদন্ত শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। প্রসিকিউশনের পক্ষে তিনজন চাক্ষুষ সাক্ষী ও দুজন বিশেষজ্ঞসহ ১০ জন সাক্ষ্য দেন; আসামিপক্ষে সাক্ষ্য দেন দুজন। অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি ও কুষ্টিয়ায় তাদের দমনে ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।