তিন বছর ধরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুদ্ধ চালালেও ইসরাইলের অর্থনীতি শক্তিশালী হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ২৭ অক্টোবরের নেসেট নির্বাচন সামনে রেখে জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে। নির্বাচনী প্রচারে জাতীয় নিরাপত্তা প্রধান বিষয় হয়ে উঠেছে; লিকুদ নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মধ্যপন্থি ইয়াশার দলের নেতা অবসরপ্রাপ্ত জেনারেল গাদি আইজেনকোট দুজনই নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সবচেয়ে যোগ্য দাবি করছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর গাজা যুদ্ধের শুরুতে অর্থনীতির গতি ব্যাপক কমে যায়। পরে তা ঘুরে দাঁড়ায়। সরকারি হিসাবে, ২০২৪ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল ১ শতাংশ, ২০২৫ সালে ২ দশমিক ৯ শতাংশ এবং চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ দশমিক ২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে ৪ শতাংশ ও ২০২৭ সালে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রযুক্তি খাত, যা মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ। গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ ২৬২০ কোটি ডলারে পৌঁছায়, যা ২০২৪ সালের তুলনায় ৭৮ শতাংশ বেশি। চলতি বছরের জানুয়ারি-মার্চে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল রেকর্ড ১৪১০ কোটি ডলার। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি ও রপ্তানির চাহিদা বিনিয়োগ, পুঁজিবাজার এবং সরকারি রাজস্ব বাড়াতে সহায়তা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।