কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় ১৩ জনকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় পাঁচজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযানে গেলে সশস্ত্র ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন এবং পরে তিনি মারা যান। ঘটনার পর হত্যা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয় এবং ২০২৫ সালের ১৯ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মোর্শেদ আলম পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের পর আদালত এ রায় দেন, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।