ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় কয়েকটি কারখানার শ্রমিক শনিবার বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া অঞ্চল ও আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। বিক্ষোভে তৈরি পোশাক খাতের বিভিন্ন কারখানার শ্রমিক অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ছুটি ঘোষণা করা কারখানাগুলোর নাম কিংবা আহত পুলিশ সদস্যের পরিচয় প্রতিবেদনে জানানো হয়নি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেছেন, এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।