Web Analytics

গাজীপুরের পর চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় ৫৫ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জমি হস্তান্তরসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৪.৯৯ একর আয়তনের জলিল টেক্সটাইল মিল প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। বিটিএমসির চেয়ারম্যান এবং সেনাবাহিনীর পক্ষে চট্টগ্রাম ইস্টার্ন সার্কেলের মিলিটারি এস্টেট অফিসার চুক্তিতে স্বাক্ষর করেন।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, কারখানা সম্প্রসারণ হলে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে। শিল্পমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা সামগ্রীসহ সব পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর আশা প্রকাশ করেন। সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।