Web Analytics

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে করপোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয় ফুটপাত।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং সাইনবোর্ড কর পরিশোধের বিষয়টি যাচাই করা হয়। ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না, তাও পরিদর্শন করেন কর্মকর্তারা। দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন ও সিটি করপোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং নগরবাসীর জন্য সুশৃঙ্খল ফুটপাত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।