Web Analytics

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় ‘এসআরবি’ সদস্য পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাঁকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয় বলে স্থানীয়রা জানান। গাড়িটি পেকুয়া ও চকরিয়ার দিকে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ১৯ ঘণ্টা পরও হাসানের কোনো সন্ধান না মেলায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মুখে মাস্ক ছিল। কী কারণে তাঁকে তুলে নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র বলেছে, ওই অভিযানে প্রকৃত কোনো এসআরবি সদস্য জড়িত ছিলেন না; ভুয়া পরিচয় ব্যবহার করে চক্রটি অপহরণ করেছে।

অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একাধিক শক্তিশালী দল উদ্ধারকাজ চালাচ্ছে। রোববার সকালে প্রেমবাজার ও আশপাশের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। হাসানকে দ্রুত উদ্ধারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।