Web Analytics

কানাডা ও রাশিয়া থেকে ১ লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ বা এমওপি সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা, যা কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে দেওয়া হবে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।

কানাডা থেকে সপ্তম ও অষ্টম চালানে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন সার আনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা এবং কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সার কেনা হবে। রাশিয়া থেকে নবম ও দশম চালানে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন সার আসবে। রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে কেনা এ দুই চালানের ব্যয় ৩৩০ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৯০ টাকা।

একই বৈঠকে ২৩ ডিসেম্বরের জন্য কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়। জেকেএম বাজারদরের চেয়ে প্রতি এমএমবিটিইউতে ১০ সেন্ট কম দামের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীর জন্য এক কোটি নতুন পাটের বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।