Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিক মারা গেছেন। মো. ইদ্রিস আলী (৫০) বুধবার রাতে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুবেল আফ্রাদ।

গত ১৪ আগস্ট একটি স্ক্র্যাপ জাহাজের বদ্ধ ট্যাংকে কাটাকাটির কাজের সময় কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আগে নয়জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে ইদ্রিস আলীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাস থাকার প্রাথমিক তথ্য পাওয়ার পর গ্যাসটির ধরন, তা জমার কারণ এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বদ্ধ ট্যাংকে প্রবেশের আগে গ্যাস পরীক্ষা, গ্যাসমুক্তকরণ, বায়ু চলাচল, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, শ্বাস-প্রশ্বাস সুরক্ষা ও জরুরি উদ্ধার সরঞ্জাম সরবরাহের বিষয়গুলো তদন্তের দাবি উঠেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।