বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল সোয়া ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের সূত্রপাত হয় মো. জলিল মল্লিকের ঘর থেকে এবং মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দ্রুত মানবিক সহায়তা প্রদান করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।