রোববার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের কাছে ফিরিয়ে দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান। ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মীরা এতে অংশ নেন। তাদের তিন দফা দাবির মধ্যে ছিল চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল।
অংশগ্রহণকারীদের বড় অংশ চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা, যেখানে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ি। সূত্র জানায়, ব্যাংক রেজুলেশন আইনে আগের মালিকদের ফেরার সুযোগ দেওয়ার পর তারা আন্দোলনে নামেন। গত দুই দিনে পটিয়া থেকে কয়েক হাজার মানুষ ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করেন এবং রোববার সকালে মতিঝিলে জড়ো হন।
ব্যাংক সূত্র জানায়, কেবল জাল সনদধারী বা মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়া কর্মীদেরই চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের ফেরানোর সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক এস আলমের নামে-বেনামে বিপুল অর্থ উত্তোলনের প্রমাণ পেয়ে ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।