Web Analytics

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার। সোমবার ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম বিশেষ স্বাস্থ্য ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাসেবা নিতে আসা মানুষের নিরাপত্তা নিয়ে সরকার সচেতন ও সক্রিয়।

প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ ভবিষ্যতেও চলবে। নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, এ বছর স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বাজেটের যথাযথ বাস্তবায়নে তারাও অংশীদার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করার দায়িত্ব তাদের রয়েছে।

তিনি নবীন চিকিৎসকদের প্রযুক্তিবান্ধব ও গবেষণামুখী হওয়ার পরামর্শ দেন। সরকার আধুনিক ও জনবান্ধব ডিজিটাল হেলথ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক দশক জনগণের নিরবচ্ছিন্ন ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।