ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ইরানের সব ধরনের পণ্য ও সামগ্রী আমদানি এবং দেশটির বাজারে বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানায়। সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেবের সভাপতিত্বে বৈঠকে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি সিদ্ধান্তটি অনুমোদন করে। কমিটি বলেছে, ‘জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রয়োজনীয়তা’ বিবেচনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ার এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন ইরানি পণ্য নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়ে আলাদা কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও তেহরান তা অস্বীকার করে। ২০১৪ সালে হুথিরা সানা ও বিস্তীর্ণ এলাকা দখল করে। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, গত জুলাই থেকে সংঘাত আবার তীব্র হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।