সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকসহ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি ক্ষতিগ্রস্ত ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
ধর্মমন্ত্রী আহত বাংলাদেশিদের চিকিৎসা, সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জানান, ওমরাহযাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতেও সহযোগিতা করা হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নিরীহ মানুষ ও ওমরাহযাত্রীদের জীবন বিপন্নকারী সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা, নিরাপত্তা, আবাসন এবং মক্কা-মদিনায় নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ চলছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সৌদি কর্তৃপক্ষকে সহায়তার জন্য ধন্যবাদ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।