বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার প্রথমবারের মতো ফরিদপুরের বোয়ালমারী সফরে যাচ্ছেন। তার আগমন উপলক্ষে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে মঞ্চ নির্মাণ ও মাইকিংসহ প্রস্তুতি চলছে। বিকেল ৪টায় তিনি সেখানে জনসভায় বক্তব্য দেবেন। নির্বাচনি মহাসমাবেশকে ঘিরে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীসহ আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
বোয়ালমারী পৌর জামায়াত সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান বলেন, এটি বোয়ালমারীর ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত আমিরের আগমন। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ সম্পন্ন হবে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।
মহাসমাবেশ ঘিরে প্রশাসনও সতর্ক রয়েছে। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিকেল ৩টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।