Web Analytics

আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অভিবাসী ও শরণার্থীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। রোববারের বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতের সংখ্যা চূড়ান্ত নয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে নৌকাটি ডুবে যায়। সেনেগালের সংবাদমাধ্যম লে সোলেইল জানিয়েছে, নিহতদের বেশির ভাগই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা। কর্তৃপক্ষ বলেছে, নিহত ব্যক্তিদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসী অধিকার সংস্থা ওয়াকিং বর্ডার্সের হিসাবে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী পৌঁছানোর পর এল হিয়েরো দ্বীপের কর্তৃপক্ষ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।