Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহকে ইতিবাচক বলেছেন। তবে তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বাধীনতা ও ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফেরার পর সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সবার সঙ্গে সম্পর্ক রাখার দরজা খোলা রেখেই বাংলাদেশকে যেকোনো বাণিজ্যিক বা সামরিক চুক্তিতে যেতে হবে। একটি পক্ষের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে অন্য কোনো রাষ্ট্র বা অঞ্চলের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের পররাষ্ট্রনীতির কথা বলেন তিনি। তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত দাম ও বিভিন্ন ভুতুড়ে বিল দেওয়ার পরও নাগরিকেরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছেন না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমানের টিকিট প্রায় ৩৫০ ডলার বা ৪০ হাজার টাকায় নামলেও এখন সিন্ডিকেটের কারসাজিতে তা ৬০ থেকে ৭০ হাজার, এমনকি ৮০ হাজার টাকা পর্যন্ত হয়েছে। মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি শ্রমিকদের প্রায় ৮ লাখ টাকা খরচের কথাও উল্লেখ করেন তিনি। শ্রমবাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা চান তিনি। ১১ দলীয় ঐক্যের লংমার্চে জনগণের কষ্ট এবং গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।