লিভারের চর্বি, ফাইব্রোসিস, সিরোসিস, লিভার ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার শনাক্তে দেশে প্রথম আল্ট্রা হাই রেজল্যুশন আল্ট্রাসাউন্ড মেশিন রেজোনা এ-২০ স্থাপন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস ইনস্টিটিউট। মঙ্গলবার নিনমাসের কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রযুক্তিটির উদ্বোধন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। তিনি বলেন, দেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ ও লিভার ক্যান্সারে এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাঁর মতে, ইলাসটোস্ক্যানের মাধ্যমে ফাইব্রাস টিস্যুর গ্রেডিং, সিরোসিস এবং ক্যান্সার নির্ণয়ে মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেশিনটির ৩৩ মেগাহার্টজ আল্ট্রা হাই রেজল্যুশন প্রোব দিয়ে ত্বক, চুলের ফলিকল, নখ, ত্বকের নিচের বিভিন্ন রোগ ও লিম্ফ্যাটিক সিস্টেমের রোগ তুলনামূলকভাবে নিখুঁত শনাক্ত করা সম্ভব হবে। প্রায় শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে লিভার ইলাস্টোগ্রাফি, থাইরয়েড ইলাস্টোগ্রাফি, ফ্যাট কোয়ান্টিফিকেশন এবং ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।