Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ আদায়রত অবস্থায় ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জিহাদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা উত্তর শাখা। শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শাখা সভাপতি শওকত আলী ও সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এ প্রতিবাদ জানান। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এই বিবৃতির তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় মাদক কারবারি ও বিএনপি নেতা ‘ইয়াবা জামাল’-এর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে জিহাদকে টেনে বের করে মারধর করে। শিবির নেতারা বলেন, এই হামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে চালানো হয়েছে এবং এটি ধর্মীয় পবিত্রতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, হামলাকারীরা রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলে নৃশংসতা চালিয়েছে।

শিবির নেতারা আহত জিহাদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।