সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় বুধবার ভোরে একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রাত ১টা ৩০ মিনিটের দিকে নববর্ষের প্রাক্কালে এ দুর্ঘটনা ঘটে। পর্যটকদের কাছে জনপ্রিয় ওই বারে নববর্ষ উদযাপন চলছিল, যেখানে অনেক মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে না, তবে বিস্ফোরণের কারণ এখনো নির্ধারণ করা যায়নি। পুলিশ, দমকল বাহিনী ও জরুরি চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যেখানে কয়েকটি হেলিকপ্টারও অংশ নেয়। ক্ষতিগ্রস্তদের আত্মীয়দের সহায়তায় বুথ খোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে ক্র্যানস মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।